শ্রীমঙ্গলে বৃত্তিপ্রাপ্ত ১২৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : 5 September 2026, 8:45 pm

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১২৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় শহরের ভানুগাছ রোডে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার ৪৫টি বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১২৯ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ৮১ জন এবং সাধারণ গ্রেডে ৪৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
জানা গেছে, উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ২২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এছাড়া ১১টি বেসরকারি বিদ্যালয়ের মধ্যে ট্যালেন্টপুলে ১৫ জন এবং সাধারণ গ্রেডে ২৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অনিতা দেব।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জালাল উদ্দিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক মো. সরফরাজ আহমেদ সরফু, কৃষিবিদ মুইদ আশিক চিশতী, জেলা বিএনপির সদস্য দুরুদ মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
পূর্বদিক/এসএ





