সাতক্ষীরা-৪ আসন শূন্য ঘোষণার দাবিতে মিছিল-সমাবেশ
প্রকাশিত হয়েছে : 21 September 2026, 5:00 pm

ছবি: পূর্বদিক
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী কিশোরী মরিয়মের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সাতক্ষীরা-৪ আসন শূন্য ঘোষণা করে দ্রুত উপনির্বাচনের দাবি জানিয়েছেন বক্তারা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শ্যামনগর উপজেলা সচেতন নাগরিকের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। শত শত নারী-পুরুষের অংশগ্রহণে একটি মিছিল শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে যায়। পরে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করা হয়।
সমাবেশে বক্তব্য দেন নূরনগর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আবু ইউসুফ, কৈখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, ব্যবসায়ী আব্দুল আজিজ ও আব্দুস সালাম মোড়লসহ অন্যরা।
বক্তারা কিশোরী মরিয়মের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। একই সঙ্গে সাতক্ষীরা-৪ আসন শূন্য ঘোষণা করে দ্রুত উপনির্বাচনের ব্যবস্থা করার দাবি তোলেন তারা।
উল্লেখ্য, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। পরে নৈতিক স্খলনের অভিযোগে গত ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করা হয়। গতকাল রোববার সন্ধ্যায় ঢাকার ন্যাম ভবন থেকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় পুলিশ তদন্ত করছে।
পূর্বদিক/এসএ





