বড়লেখায় ১০০ বছরের পুরোনো রাস্তা বন্ধ করে অবরুদ্ধ, ৫ জনের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : 21 November 2026, 5:09 pm

ছবি: পূর্বদিক
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় প্রায় ১০০ বছরের পুরোনো চলাচলের রাস্তা বন্ধ করে কলেজছাত্রীসহ একাধিক পরিবারকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় পাঁচজনকে দেড় বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার কলেজছাত্রী মরিয়ম ফেরদৌস মনির দায়ের করা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের মামলায় (সি.আর-২২৭/২০২৪) এ রায় ঘোষণা করেন বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জিয়াউল হক। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে বিকেলে আদালত পুলিশ তাঁদের কারাগারে পাঠায়।
দণ্ডপ্রাপ্তরা হলেন বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবিজুরীপার গ্রামের বাসিন্দা আজাদ হোসেন, আব্দুস সহিদ, আব্দুর রহিম, ফখর উদ্দিন ও নাজিম উদ্দিন।
মামলার বিবরণে জানা যায়, আসামিরা প্রায় ১০০ বছরের পুরোনো একটি চলাচলের রাস্তা বন্ধ করে কলেজছাত্রী মরিয়ম ফেরদৌস মনির পরিবারসহ একাধিক পরিবারকে অবরুদ্ধ করে রাখেন। এ ঘটনায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরেজমিনে গিয়ে রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ করেন। তবে পরবর্তী সময়ে অভিযুক্তরা আবারও রাস্তাটি বন্ধ করে দেন। এ অবস্থায় ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে কলেজছাত্রী মরিয়ম ফেরদৌস মনি আদালতে মামলা দায়ের করেন।
আদালতের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) এবং শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরেজমিনে তদন্ত করেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর তাঁরা আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া জানান, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১২ ধারায় প্রত্যেক আসামিকে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাঁদের আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।





