অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে লাথি, পুড়িয়ে মারার হুমকি; বিএনপি নেতা শোকজ
প্রকাশিত হয়েছে : 17 November 2026, 5:44 pm

প্রধান শিক্ষক নিবেদিতা দেব
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে মারধর, পেটে লাথি ও বাড়িঘরসহ অনাগত সন্তানকে পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আনোয়ার হোসেনসহ দুজনকে শোকজ করেছে উপজেলা বিএনপি।
সোমবার দুপুরে উপজেলার তেলিগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষিকার নাম নিবেদিতা দেব (৪১)। তিনি ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন বিদ্যালয়ে যান। এ সময় তাঁরা শিক্ষিকার ওপর হামলা ও মারধর করেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে তাঁর পেটে লাথি মারা হয়। অভিযুক্তদের সঙ্গে ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী ছিলেন বলে দাবি করেছেন ওই শিক্ষিকা। এ ঘটনায় আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
নিবেদিতা দেব জানান, তাঁকে বিদ্যালয়ের বাইরে একটি বৈঠকে যাওয়ার জন্য ডাকা হয়েছিল। তবে সেখানে না গিয়ে বিদ্যালয়ের অফিসকক্ষে এসে কথা বলার অনুরোধ করেন তিনি। এর কিছুক্ষণ পরই অভিযুক্ত ব্যক্তিরা বিদ্যালয়ে এসে তাঁর ওপর হামলা চালান।
তিনি বলেন, ‘আনোয়ার হোসেন আমার তলপেটে লাথি মারেন। এ সময় নুরুজ্জামান খান পুতুলসহ আরও পাঁচ-ছয়জন আমাকে মারধর করেন। তাঁদের সঙ্গে ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী ছিলেন। আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আমার অনাগত সন্তানের কোনো ক্ষতি হলে এর দায় তাঁদের নিতে হবে বলে জানাই। এতে তাঁরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে আমাকে অনাগত সন্তানসহ পুড়িয়ে মারার পাশাপাশি বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন।’
শিক্ষিকার স্বামী সৌমিত্র মজুমদার বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে আনোয়ার হোসেন ও নুরুজ্জামান খান পুতুল লোকজন নিয়ে তাঁর স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। ঘটনার পর তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন আনোয়ার হোসেন। তিনি জানান, বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে ২০ থেকে ৩০ জন নেতাকর্মী নিয়ে তাঁরা বৈঠক করছিলেন। সেখান থেকে প্রধান শিক্ষিকাকে বৈঠকে যোগ দেওয়ার জন্য খবর পাঠানো হয়। তিনি না আসায় নেতাকর্মীদের নিয়ে বিদ্যালয়ে যান। সেখানে গিয়ে প্রধান শিক্ষিকাকে আওয়ামী লীগের লোকজন নিয়ে বৈঠক করতে দেখেন। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তাঁদের শান্ত করে তিনি চলে আসেন। তাঁর দাবি, শিক্ষিকার ওপর হামলা বা মারধরের কোনো ঘটনা ঘটেনি। তবে দল থেকে শোকজের বিষয়টি তিনি স্বীকার করেছেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী বলেন, জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম হিলালীর পরামর্শে জরুরি সভা করে তাঁদের শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দায়িত্বরত আটপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (সহকারী শিক্ষা কর্মকর্তা) আহসান উল্লাহ মুকুল বলেন, বিদ্যালয়টিতে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন এখনো বাকি। শিক্ষিকার ওপর হামলা ও মারধরের বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে তাঁকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, শিক্ষিকার ওপর হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগটি তদন্ত করা হচ্ছে।





