বশির আহমেদ সম্মাননা পেলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা
প্রকাশিত হয়েছে : 19 November 2026, 11:13 pm
নিজস্ব প্রতিবেদক: দেশীয় পোশাক ও ফ্যাশন শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’ পেয়েছেন দেশের খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার ও ফ্যাশন হাউস বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা। বরেণ্য সংগীতশিল্পী, গীতিকার ও সংগীত পরিচালক প্রয়াত বশির আহমেদের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সারগাম সাউন্ড স্টেশনের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। বক্তব্যে তিনি বলেন, গুণীজনদের সম্মান জানানো আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যেরই অংশ। বশির আহমেদের মতো কালজয়ী শিল্পীদের স্মৃতি সংরক্ষণে সরকারি ও বেসরকারি পর্যায়ে এ ধরনের উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এমপি।
এবারের আয়োজনে আজীবন সম্মাননা পেয়েছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম ও উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। এ ছাড়া নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন বরেণ্য গীতিকবি ও সাংবাদিক রফিকুজ্জামান, সংগীতশিল্পী আবিদা সুলতানা ও রফিকুল আলম, লোকসংগীতশিল্পী দিলরুবা খান, গীতিকবি মুনশী ওয়াদুদ, সুরকার ও সংগীত পরিচালক দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সেতারশিল্পী উস্তাদ ফিরোজ খান, কথক নৃত্যশিল্পী সাজু আহমেদ, সৌন্দর্যশিল্পের অগ্রপথিক জারিনা আসগর, তবলাশিল্পী সীমা, শাহ মোহাম্মদ হান্নান এবং প্রবাসী বাঙালি চিকিৎসক খালেদ ভূঁইয়া।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত বশির আহমেদের বর্ণাঢ্য জীবন ও সংগীতকর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে সম্মাননা প্রদান পর্ব শেষে আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা বশির আহমেদের কালজয়ী গান পরিবেশন করেন।
দেশীয় ফ্যাশন ও পোশাকশিল্পে দীর্ঘদিনের সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে বিপ্লব সাহার এই সম্মাননা অর্জন ফ্যাশন অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।





