মণিপুরিদের মহারাস উৎসব মঙ্গলবার, কমলগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
প্রকাশিত হয়েছে : 20 November 2026, 10:07 pm

ছবি: পূর্বদিক
কমলগঞ্জ প্রতিনিধি: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। পূর্ণিমার আলোয় শ্রীকৃষ্ণের প্রেমলীলা ও ভক্তিরসের আবহে মেতে উঠবেন মণিপুরি সম্প্রদায়ের মানুষ। তাদের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব মহারাস পূর্ণিমাকে ঘিরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরি অধ্যুষিত গ্রাম ও পাড়াগুলোতে এখন উৎসবের আমেজ। পাড়ায় পাড়ায় চলছে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য এবং মহারাস নৃত্যের মহড়া। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণীরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে।
আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে মণিপুরি সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব মহারাস পূর্ণিমা। এ উপলক্ষে কমলগঞ্জের মাধবপুর ও আদমপুর এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি। এবারও পৃথক দুটি স্থানে আয়োজন করা হচ্ছে মহারাস উৎসব। মাধবপুরের জোড়া মণ্ডপে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৮৪তম এবং আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে মেইতেই মণিপুরি সম্প্রদায়ের ৪১তম মহারাস উৎসব অনুষ্ঠিত হবে। প্রতিবছর এ উৎসব উপভোগ করতে দেশ-বিদেশ থেকে কয়েক হাজার দর্শনার্থীর সমাগম ঘটে।
মাধবপুর মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাঁদমুরারী সিংহ স্বপন বলেন, এবার তাঁদের ১৮৪তম মহারাসলীলার আয়োজন করা হচ্ছে। উৎসবকে ঘিরে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তার বিষয়টি নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। তিনি জানান, মাধবপুরে এবার তিনটি মণ্ডপে পৃথকভাবে রাসলীলা অনুষ্ঠিত হবে।
মণিপুরি সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র রাস উৎসবের প্রচলন করেন। মণিপুরের বাইরে ১৮৪২ সালে কমলগঞ্জের মাধবপুরে প্রথম মহারাস উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের দিন সকালে শুরু হয় গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য, যা চলে গোধূলি পর্যন্ত। এরপর রাত সাড়ে ১১টার দিকে শুরু হয় মূল মহারাসলীলা। ঐতিহ্যবাহী পোশাকে নৃত্য ও সংগীতের মাধ্যমে শ্রীকৃষ্ণ, রাধা ও গোপীদের লীলাকে তুলে ধরেন শিল্পীরা। অনেক সময় এ আয়োজন চলে ভোর পর্যন্ত।
সম্প্রতি মাধবপুরের মাঝেরগাঁও এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় দুই সপ্তাহ ধরে চলছে রাসনৃত্যের মহড়া। প্রায় ২০ জন তরুণী মণিপুরি গানের তালে নৃত্যের বিভিন্ন কৌশল ও নিয়ম শিখছেন প্রশিক্ষকদের কাছ থেকে। অন্যদিকে জোড়া মণ্ডপে চলছে রাখাল নৃত্যের প্রস্তুতি। সেখানে ১৫ থেকে ২০ জন শিশু-কিশোর মৃদঙ্গের তালে নৃত্যের অনুশীলন করছে।
মহড়ায় অংশ নেওয়া শান্তা সিনহা বলেন, ছোটবেলা থেকেই মণিপুরি নৃত্যের সঙ্গে তাঁদের পরিচয়। মহারাস তাঁদের সবচেয়ে বড় আয়োজন। এ উৎসবের মাধ্যমে নিজেদের সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যেও ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত থাকে।
রাসধারী (প্রশিক্ষক) অনিরা সিনহা বলেন, প্রতিবছর উৎসবের প্রায় এক মাস আগে থেকেই শিশু-কিশোরদের নিয়ে প্রস্তুতি শুরু হয়। নতুন ও পুরোনো শিল্পীদের নিয়ে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত মহড়া চলে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
এদিকে উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে রাস উৎসব উদ্যাপনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।





