শ্রীমঙ্গলে আন্তঃক্লাব বিতর্ক, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : 23 September 2026, 4:10 pm

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিশোর-কিশোরী ও যুবদের নেতৃত্ব, আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পর্যায়ে আন্তঃক্লাব বিতর্ক, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) মৌলভীবাজার সড়কের গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে SAY-LEAD প্রকল্পের আওতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া) আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে EDUCO Bangladesh।
প্রতিযোগিতায় উপজেলার আটটি Adolescent & Youth Club-এর বিভিন্ন বিষয়ে প্রথম স্থান অর্জনকারী কিশোর-কিশোরী ও যুবরা অংশগ্রহণ করেন। বিতর্ক, বক্তৃতা, চিত্রাঙ্কন, গল্প বলা, সংগীত ও নৃত্যসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর। স্বাগত বক্তব্য দেন আইডিয়ার প্রকল্প সমন্বয়কারী মো. মামুন ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইডিয়ার প্রজেক্ট অফিসার সুমাইয়া খন্দকার ও মীর মো. তৌহিদুর রহমান।
আয়োজকরা জানান, কিশোর-কিশোরী ও যুবদের মধ্যে যুক্তিভিত্তিক চিন্তাভাবনা, জনসম্মুখে বক্তব্য প্রদান, সৃজনশীলতা, দলগত কাজ এবং সামাজিক বিষয়ে অংশগ্রহণের দক্ষতা বাড়ানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে বিভিন্ন ক্লাবের সদস্যদের মধ্যে পরিচিতি, পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে।
প্রতিযোগিতার বিভিন্ন পর্বে বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের অধিকার ও দায়িত্ব, মেয়েদের শিক্ষা ও নেতৃত্ব, নিরাপদ কমিউনিটি, জলবায়ু পরিবর্তন এবং মাদকমুক্ত সমাজসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বিষয় গুরুত্ব পায়।
শ্রীমঙ্গলের আটটি চা-বাগানের ১২ থেকে ২৪ বছর বয়সী মোট ৪৬ জন প্রতিযোগী এতে অংশ নেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। পরে অংশগ্রহণকারী ও আয়োজকদের নিয়ে গ্রুপ ছবি তোলা হয় এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
পূর্বদিক/এসএ





