পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে প্রকাশিত ছড়া/কবিতা
প্রকাশিত হয়েছে : ৬ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৫ অপরাহ্ণ

সাল্লু আলাল হাবীব
আলিম উদ্দিন জাহিদ
সাল্লু আলাল হাবীব সা.
সাল্লু আলাল হাবীব সা.
দরুদেই খুঁজি নাজাতের পথ,
এই তো আমার নসীব।
চোখে আনে দীপ্তি যার নাম
প্রাণে বাজে রহমতের গান।
তাঁরই পথে খুঁজি দিশার আলো
তাঁর ছায়ায় পাই শান্তি প্রাণ।
সাল্লু আলাল হাবীব সা.
সাল্লু আলাল হাবীব সা.
প্রতি নিঃশ্বাসে দুরুদ পড়ি
এই তো আমার নসীব।
নবীর সুন্নাতে আলো জ্বলে
তাঁরই পথে মুক্তি মেলে।
তাঁর কথা ভাবলেই চোখে জল আসে
নাম নিলে শান্তি নামে নিশ্বাসে।
সাল্লু আলাল হাবীব সা.
সাল্লু আলাল হাবীব সা.
তাঁর নামেই জুড়ে আশা
এই তো আমার নসীব।
মাসুক আহমদ
নূরের আলো
অন্ধকার মরুতে উঠল নূরের চাঁদ
শান্তি আর সত্যে দিলেন নতুন সাধ।
পাপের শিকল ভেঙে করলেন মুক্ত
অন্যায়ের পথে হলেন না যুক্ত।
শত্রুকেও দিলেন মমতার ছোঁয়া
ভালোবাসায় ভরালেন হৃদয়মোয়া।
দুঃখের মাঝেও শেখালেন ধৈর্য
ক্ষমায় ভরালেন মানবের ঐশ্বর্য।
হে প্রিয় নবী আমার একটাই প্রাণ
কিয়ামতের দিনে চাই আপনার সান্নিধ্য।
হাফেজ জাবের হোসেন
প্রিয় নবী
কত মানুষ দেখেছে তোমার
চাঁদ মাখা ওই মুখ
দুঃখ ভুলে পেয়েছে ফিরে
জীবনের সব সুখ।
আমিও দেখবো স্বপ্ন যুগে
ভেবে যাই নিশিদিন
পবিত্রতায় দুরূদ পড়ে
ঘুমাই প্রতিদিন।
প্রিয় নবী দাও গো দেখা
আমি অধম বান্দারে
তোমার প্রেমে কাঁদে পরাণ
শান্তি নাই যে অন্তরে।
মো. মিল্লাত হোসেন
মোহাম্মদ (সা.) এর আগমনে
চাঁদের আলো ম্লান হয়ে যায়
হাসেন যখন নূরের চাঁদ
ফুলে ভরে বাগানগুলো
যায় ছড়িয়ে সে সংবাদ।
ভাঙা হৃদয় উঠলো ভরে
তুমি খোদার সেরা দান
প্রিয়তম রাসূল এলেন
গাইলো ধরা সুখের গান।
তাঁর আগমন ঘুচলো আঁধার
নিশি ফোটে হলো ভোর
প্রেমের নূর ছড়িয়ে গেলো
দূর হলো সব কালো ঘোর।
খোদার প্রিয় তুমি ওগো
এলে সবার শেষে
চাঁদ সিতারা কুল্লে আলম
উঠলে সবে হেসে।
হাফিজ মারুফ আহমদ
নূরের ফুল
অন্ধকারে ঢেকেছিল দুনিয়ার চাঁদ
পাপের আগুনে পোড়ে মানবের মন।
আলো যেন হারিয়েছে দিগন্তের শেষে
মানবতা কেঁদে ছিলো নীরব কণ্ঠে।
তখনই এলেন নবী নূরের ফুল
রহমতের বৃষ্টি হয়ে ধরার তরে।
মক্কার আকাশে জ্বলল যে নূর
দাসের মুক্তি গরীবের আশা
এতিমের বুকে জাগলো ভালোবাসা।
মো. আব্দুল্লাহ সালেহীন
প্রাণের রাসূল
তুমি আমার মনের ফুল
ওগো প্রাণের রাসূল
দিবানিশি স্বপ্ন দেখি
তুমি আমার নূরের ফুল।
একা একা বসে ভাবি
আমি উম্মত তোমরাই
দূর মদিনায় তুমি থাকো
তুমি সেরা নবি।
পাপের বোঝা বয়ে চলি
তবু আশায় থাকি
রহমতের ছায়াতলে
তবু জীবনটাকে ঢাকি।
হে করুণার সাগর তুমি
আমার চোখের নূর
তোমার প্রেমের সুর বাজে
আমার অন্তপুর।
ওগো প্রাণের রাসূল।
আবু আইয়ুব আনছারী আনহার
রবিউল আউয়াল
আসমানের চাঁদ-সিতারা চকমকিয়ে উঠেছে
শিলার নিকষ কণাগুলো ভেঙে সবই গিয়েছে।।
আগমনে মহান ঋষির খুশিতে হয়েছে সব উথাল
কুল মুমিনের প্রাণের খোরাক রবিউল আউয়াল।।
বর্বরতার বালুর মাঝে সুগন্ধি ফুল ফুটেছে
সব জুলুমত লেজ গুটিয়ে দৌড়ে দৌড়ে ভেগেছে।।
নবীর পায়ের পদধূলিতে ধন্য ভোরের সকাল
কুল মুমিনের প্রাণের খোরাক রবিউল আউয়াল।।
খোদার সৃজন নেই তুলন রাসূলে আকরামের
স্বর্প-ভরা দ্বীপে জ্বালালো আলো ইসলামের।।
যার কলবে ঈমান আছে, নবীর সে কাঙাল—
কুল মুমিনের প্রাণের খোরাক রবিউল আউয়াল।।
পক্ষী-পাখি, বৃক্ষ-শাখা জানায় তাঁকে সালাম
‘সালাতুন ইয়া রাসূলাল্লাহ’ সহস্র সালাম।।
সবার রাজা এই যে মাস, হোক রমজান-শাওয়াল
কুল মুমিনের প্রাণের খোরাক রবিউল আউয়াল।।
১২ তারিখ সুবহে সাদিক গায় খুশির গীত
ঈদে মিলাদুন্নবী যে মহান বড় ঈদ।।
রাসুল মোদের জামিনদার রহমতের পাল
কুল মুমিনের প্রাণের খোরাক রবিউল আউয়াল।।
মুহাম্মাদ রওশন আলী
তোমার আগমনে
কুল মুমিনের মনে প্রাণে
পাক-পাখালির কলতানে
মুখরিত দো-জাহান।
ইয়া নবী ইয়া রাসূল।
তোমার আগমনে আহলান সাহলান।।
নয় ভেদাভেদ কোনো সংশয়
আজ এই খুশির দিনে
করে আয়োজন স্লোগান মিছিল
গায় সবে নবীর শানে।।
দুরুদ ও সালাম ভেজে সদা
গায় যে তাঁর গুনগান।।
সব মতবাদ পালিয়ে গেলো
মূর্তিগুলো সব ভেঙ্গে চুরমার
সৃষ্টিরাজির টুটলো নিদ
তাশরীফ কামলিওয়ালার
ছামছুদ্দুহা বদরুদ্দুজা
বেজে উঠে তাঁর জয়গান ।।
আঁধারে ঘেরা গোটা পৃথিবী
আলোকিত তোমার নূরে
এলেন ধরায় ছাল্লি’আলা
ইবলিশ কাঁদে দূরে
কুল-মাখলুকাতের মুক্তির দূত
রিসালাতের সুলতান ।।
চাঁদ সেতারা গ্রহ তাঁরা
সৃষ্টিরাজি সব
তাঁহার প্রেমে দুরুদ পড়েন
স্বয়ং আল্লাহ রব
দো-জাহানে রহমত তিনি
আল কুরআনে প্রমাণ ।।

হাফিজ বদরুল আলম
রাসুলে আকরাম (সা.)
সালাম সালাম ইয়া রাসুলে আকরাম
আজ তোমায় পেয়ে মোরা ধন্য হলাম
তব-প্রেম বুকে সদা মুখে দুরুদ পড়িলাম
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ।।
যখন ছিল পৃথিবীটা আঁধারে ঘেরা
তোমার নূরে ভরলো ভুবন সারা।
ওগো নবী সবাই ছিল ঘোর বিপদে
যবে এলে ধরাতে মশগুল সব দুরুদে
কূল হৃদয় গায় শান জপে তোমার নাম।।
রবিউল আউয়ালে তুমি করলে আগমন
মহা খুশির বীণ বাজে হাসলো মুমিনের মন
তোমার পরশ পেলো মক্কা মদিনার মাটি
সেই মাটিরই ছোঁয়া পেতে পাগল বেশে হাঁটি
দীদার দাওগো এ উম্মতেরা কাঁদে হরদম ।।
মাছুম হাজারী
মুহাম্মদ রাসুল (সা.)
তুমি আমার প্রিয় নবী
হাজার তারার ফুল
সৃষ্টি কুলের সেরা নবী
মুহাম্মদ রাসুল।
মনের মধ্যে আছে গাঁথা
প্রিয় নবী তোমার নাম
মনে হলেই পাঠ করি দুরুদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তোমার দিদার পাই যেন আমি
রোজ হাশরের কালে
দয়া করে স্থান দিও নবী
আরশের ছায়া তলে।
সৃষ্টি হলো আসমান জমিন
তোমার নামের উছিলায়
তোমার নামে পড়লে দুরুদ
গুনাহ মাফ হয়ে যায়।
দয়া করো মায়া করো
ওহে প্রাণের নবী
একবার দেখা দাও গো আমায়
ধন্য হবো আমি।
মো. আশরাফ উদ্দিন
দেখা দাও ইয়া রাসূল
ওগো রাসুল দাওনা দিদার আমারে
অকৃতজ্ঞ উম্মত আমি ভুলোনা মোরে।
ভুলে ভরা নালায়েক তোমার উম্মত
দেখায় আমাকে তুমি সরল এই পথ।
পিপাসিত এ অধম করে আরজি
দিদার নসিব হবে তোমার হলে মর্জি।
দুনিয়ার রহমত তুমি রাখো নজরে
দেখা দাও ইয়া রাসূল দেখি মন ভরে।
সাইদ আহমদ রাসেল
আলোর চাঁদ
হে প্রিয় নবী তুমি আলো ঝরানো চাঁদ
তুমি ছাড়া দুনিয়া হতো আঁধারের বাঁধ।
তোমার আগমনে জাগে বিশ্ববাসীর প্রাণ
তুমি মানবতার দিশারী মুমিনের সম্মান।
তোমার চোখে ছিল দয়ার সাগর
তোমার হাসিতে ঝরে নূরের নহর
অভিমানী হৃদয় তুমি করেছো কোমল
তুমি আমার ভরসা করুণা সম্বল।
তুমি সত্যের সৈনিক তুমি ন্যায়ের পথিক
তুমি ছাড়া জীবন যেন মরুভূমির দিক
আমরা ভুলে গেছি তোমার চলার পথ
তাই আজ আঁধারে ঢেকে গেছে জগত।
সাইদুল মামুন
ধিক শত ধিক
আমরা তো ভাই উদরপূর্তি
যাচ্ছি করে নিত্যদিন
ক্ষুধার্ত ওই শিশুগুলো
হারাচ্ছে প্রাণ প্রতিদিন।
গাযযার ঐ শিশু যখন
অনাহারে প্রাণ হারায়
মানবতা তখন যেন
লজ্জাতে তার মুখ লুকায়।
খাদ্যের জন্য মুখগুলো ওই
ছুটছে দেখো চতুর্দিক
ওরে হিংস্র হায়েনা সব
ধিক তোমাদের ধিক।
খাবার খাবার বলে সবাই
করছে দেখ হাহাকার
দে বিলিয়ে একটু অন্ন
প্রাণগুলো পাক রক্ষা সবার।
মুখে কুলুপ এঁটে আছো
ওরে ও আরব জাহান
দরবারে তার হবে হিসাব
মালিক যিনি বিশ্বজাহান।






