মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
প্রকাশিত হয়েছে : ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী পরিচয় নিয়ে বিভ্রান্তির অভিযোগ তুলেছেন বিএনপি নেতা এম এ মুকিত। তিনি দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে ‘ভুয়া’ বলে উল্লেখ করেন। এ মন্তব্যের পর রাজনগরে বিএনপির এক নির্বাচনী সভা ‘ভুয়া ভুয়া’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজনগর উপজেলার গোবিন্দবাটি এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত।
বক্তব্যে এম এ মুকিত বলেন, কুলাউড়ায় জামায়াতে ইসলামীর আমিরের জনসভায় কেবল মৌলভীবাজার–১ ও ২ নং আসনের জন্য ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে মৌলভীবাজার–৩ আসনে যাঁকে জনতার প্রার্থী হিসেবে প্রচার করা হচ্ছে, তাঁকে জামায়াতে ইসলামী বা ১১ দলীয় জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, “১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে যদি দেয়ালঘড়ি প্রতীকের আহমদ বিলাল থাকেন, তাহলে আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হবে সেই প্রতীকের সঙ্গেই। দাঁড়িপাল্লা প্রতীকের কোনো তথাকথিত প্রার্থীর সঙ্গে নয়।” এ সময় সভায় উপস্থিত নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে এম এ মুকিত বলেন, প্রতিটি সেন্টারের দায়িত্ব সঠিকভাবে পালন করা গেলে ধানের শীষ প্রতীকের প্রার্থী এম নাসের রহমানের ভোটে কোনো ঘাটতি হবে না।
আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিপুল ভোটে এম নাসের রহমানকে বিজয়ী করার মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করা হবে।
সভায় জেলা বিএনপি, রাজনগর উপজেলা বিএনপি এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পূর্বদিক/ডেস্ক/টিকে




