জুড়ীতে অবৈধভাবে মজুত ১,৪০০ লিটার জ্বালানি তেল জব্দ
প্রকাশিত হয়েছে : ৯ এপ্রিল ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ১,৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সমাই বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘মেসার্স ইউনিক ট্রেডার্স’ নামক একটি প্যাকপয়েন্টে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি পূর্বে তাদের কাছে কোনো জ্বালানি তেল মজুত নেই বলে কর্তৃপক্ষকে জানিয়েছিল। তবে অভিযানের সময় দোকান তল্লাশি করে প্রায় ৬০০ লিটার ডিজেল ও ৭৫০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
এ বিষয়ে ইউএনও সাবরিনা আক্তার জানান, অবৈধভাবে মজুত করা প্রায় ১,৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বদিক/এসএ





