সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ

ছবি: পূর্বদিক
সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
র্যাব-৯ জানায়, মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে সিলেটের শ্রীরামপুর বাইপাস এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন বরায়া উত্তরভাগ এলাকার পাঁচমাইল বাজারের একটি দোকানের ভেতরে কয়েকজন অনলাইন জুয়াড়ি জুয়া খেলছে।
সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থানের কথা স্বীকার করে। পরে তাদের হেফাজতে থাকা অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, গোলাপগঞ্জ থানার বরায়া উত্তরভাগ এলাকার মো. সিরাজুর রহমানের ছেলে জামিরুল রহমান (২৮), দাড়িপাতন এলাকার আব্দুল হান্নানের ছেলে রুহুল আমিন (৩০), বরায়া উত্তরভাগ এলাকার মৃত কুটু মিয়ার ছেলে জুবের আহমেদ (৩৮) এবং একই এলাকার আব্দুল শহিদের ছেলে সোয়েব আহমেদ (২৬)।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানায়, তারা Safari, 1xBet-সহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া খেলত। তাদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে।
র্যাব-৯ আরও জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে গ্রেফতার ব্যক্তিদের ও জব্দ করা আলামত সিলেটের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।
পূর্বদিক/এসএ





