কমলগঞ্জে ধলাই নদীতে টমটম, নিখোঁজ চালক
প্রকাশিত হয়েছে : 13 September 2026, 6:41 pm

ছবি: পূর্বদিক
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ পড়ে গিয়ে প্রিতম এরিক (পিতু) নামে এক চালক নিখোঁজ হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদী থেকে টমটমটি উদ্ধার করলেও নিখোঁজ চালকের সন্ধান পাননি। তাঁকে উদ্ধারে অভিযান চলছে। সিলেট থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে যোগ দেওয়ার কথা রয়েছে।
নিখোঁজ প্রিতম এরিক (পিতু) কমলগঞ্জ উপজেলার দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার টমাস এরিকের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো রোববার সকালে প্রিতম এরিক একজন স্থানীয় যাত্রীকে নিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে যাত্রীকে নামিয়ে ফেরার পথে দক্ষিণ কুমড়াকাপন এলাকায় ধলাই নদীর পাড়ে টমটমটি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নদীতে পড়ে যায়। এ সময় টমটমের সঙ্গে চালকও পানিতে তলিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে পড়ে যাওয়ার পর প্রিতম স্থানীয়দের সাহায্যের জন্য চিৎকার করেন। তাঁর চিৎকার শুনে কয়েকজন স্থানীয় বাসিন্দা দ্রুত নদীতে নেমে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। তবে তাঁদের চোখের সামনেই তিনি পানিতে তলিয়ে যান। এরপর স্থানীয়রা নদীতে নেমে বিভিন্নভাবে তাঁর সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে নদীর পানিতে থাকা টমটমটি উদ্ধার করা সম্ভব হলেও চালক প্রিতম এরিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার ফারুক আহমদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টমটমটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। আমাদের মৌলভীবাজারে ডুবুরি দল নেই। তাই সিলেট থেকে ডুবুরি দল আসছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।’
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, ‘ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পূর্বদিক/এসএ





