বাহুবলে নিখোঁজ সিএনজি চালকের মরদেহ নবীগঞ্জে উদ্ধার
প্রকাশিত হয়েছে : 16 September 2026, 5:52 pm

ছবি: পূর্বদিক
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (৩০) নামে এক সিএনজি অটোরিকশাচালকের মরদেহ পাশের নবীগঞ্জ উপজেলার ফুলতলী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত তুহিন মিয়া বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের শংকরপুর প্রকাশিত ইছবপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, তুহিন মিয়া সিএনজি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার পর তিনি সিএনজি অটোরিকশা (হবিগঞ্জ-থ-১১-৪৩৪০) নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি বাহুবল মডেল থানায় জানানো হয়।
এর মধ্যে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নবীগঞ্জ উপজেলার ফুলতলী এলাকায় স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি তুহিন মিয়ার বলে শনাক্ত করেন।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে দুই থানার সমন্বয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, মঙ্গলবার তুহিন নিখোঁজের বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়েছিল। বুধবার নবীগঞ্জ উপজেলার ফুলতলী এলাকা থেকে তার মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।
এদিকে তুহিনের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। তুহিনের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
পূর্বদিক/এসএ





