ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : 23 September 2026, 6:00 pm

ছবি: পূর্বদিক
ধামরাই প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ধামরাই থানার জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধামরাই উপজেলার কেলিয়া এলাকার বাদল সরকার (২৮), একই এলাকার শাকিল আহম্মেদ তুহিন (২৯) এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নতুন কহেলা এলাকার সাইফুল ইসলাম রবিন (৩৭)।
ঢাকা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. রাশেদ মিয়াসহ পুলিশের একটি দল জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৪ দশমিক ৫ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ১৩ হাজার ৫০০ টাকা। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার বাদল সরকারের বিরুদ্ধে এর আগে আরও একটি মামলা রয়েছে।
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর ওসি সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পূর্বদিক/এসএ






