সাজেকে প্রতিমন্ত্রী মীর হেলালকে বর্ণাঢ্য সংবর্ধনা
উন্নয়ন, পর্যটন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা দাবি
প্রকাশিত হয়েছে : 24 September 2026, 11:03 pm

ছবি: পূর্বদিক
খাগড়াছড়ি প্রতিনিধি: রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপিকে ফুলেল শুভেচ্ছা ও বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার সাজেক ভ্যালিতে বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির আহ্বায়ক খনি রঞ্জন ত্রিপুরা এবং রাঙামাটি জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ সাব্বিরের যৌথ নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের পাশাপাশি পার্বত্য এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে স্থানীয়রা ঐতিহ্যবাহী পোশাক ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে প্রতিমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে স্থানীয়দের পক্ষ থেকে পার্বত্য এলাকার সার্বিক উন্নয়ন, পর্যটনশিল্পের বিকাশ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়।
সংবর্ধনার জবাবে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রেখে পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও জনকল্যাণে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, পার্বত্য এলাকার উন্নয়নে স্থানীয় জনগণের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পূর্বদিক/এসএ





