ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
প্রকাশিত হয়েছে : 30 September 2026, 8:35 pm

ছবি: পূর্বদিক
খুলনা প্রতিনিধি: ‘ক্রিকেট আমাদের জন্য শুধু খেলা নয়, ক্রিকেট আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের জাতীয় গর্ব। এই আবেগকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রী তারেক রহমান যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়িত হলে ক্রিকেটে বড় ধরনের সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।’ খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ কথা বলেছেন।
মঙ্গলবার বিকেলে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে রবি বোলার হান্ট প্রতিযোগিতার বরিশাল বিভাগের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটা পিএলসির সহযোগিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ প্রতিযোগিতার আয়োজন করে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিকেট প্রতিভা অন্বেষণ ও নতুন খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিসিবির এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘বিসিবি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে। এ উদ্যোগের মাধ্যমে আমরা নতুন নতুন সম্ভাবনাময় খেলোয়াড়ের সঙ্গে পরিচিত হতে পারব। একই সঙ্গে দেশের ক্রিকেট আরও সমৃদ্ধ হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটকে এ ধরনের উদ্যোগ অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’
অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির কাস্টমার মার্কেট ডিরেক্টর বিপ্লব ব্যানার্জি, খুলনা অঞ্চলের রিজিওনাল হেড রেজওয়ান বিল্লাহ নয়ন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম, ক্রীড়া সংগঠক এস অহিদুর রহমান বাবু এবং স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার মো. আলআমিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পূর্বদিক/এসএ






