খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
প্রকাশিত হয়েছে : 30 September 2026, 8:42 pm

ছবি: পূর্বদিক
খুলনা প্রতিনিধি: খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ ও প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন করে ২৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৮৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৬২ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত খুলনা বিভাগে মোট ১৩ হাজার ৪১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১১ হাজার ৮৯৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৪২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে ৩২৪ জন রোগীকে অন্যত্র রেফার করা হয়েছে।
জেলাভিত্তিক পরিসংখ্যানে খুলনা জেলায় ডেঙ্গু সংক্রমণের হার সবচেয়ে বেশি। এ জেলায় এখন পর্যন্ত ৫ হাজার ৯৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা ২ হাজার ৭১৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রোগীদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পূর্বদিক/এসএ






