মাগুরায় মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : 23 October 2026, 2:27 pm

ছবি: পূর্বদিক
মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে বন্ধুদের সঙ্গে মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। তবে মদপানের কারণেই তাঁদের মৃত্যু হয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন চিকিৎসক।
নিহতরা হলেন শ্রীপুর উপজেলার মকরদমখোলা গ্রামের আজম লস্করের ছেলে আলমগীর লস্কর (৪২) এবং শ্রীপুর ইউনিয়নের মালদা গ্রামের বিনোদ বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (২৮)।
নিহতদের স্বজনদের বরাতে জানা গেছে, বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সার্বজনীন দুর্গামন্দির এলাকায় বন্ধুদের সঙ্গে মদপান করেন আলমগীর ও বিধান। এর কিছুক্ষণ পরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের হাসপাতালে নেওয়া হয়।
আলমগীর লস্করের বাবা আজম লস্কর জানান, বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে মদপানের পর অসুস্থ হয়ে পড়েন তাঁর ছেলে। এ সময় বন্ধুরা তাঁকে বাড়িতে পৌঁছে দেন। পরে অবস্থার অবনতি হলে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বিধান বিশ্বাসের কাকিমা সুপ্রিয়া সাহা জানান, বুধবার রাতে বন্ধুদের সঙ্গে মদপানের পর অসুস্থ হয়ে পড়েন বিধান। বৃহস্পতিবার গভীর রাতে গুরুতর অবস্থায় তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন বলেন, “দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে ঠিক কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলী মিয়া বলেন, প্রাথমিকভাবে অতিরিক্ত মদপানের কারণে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তাঁদের মরদেহ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।





