পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : 13 October 2026, 9:19 pm

ছবি: পূর্বদিক
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নার্সারী খাসিয়া পুঞ্জিতে ৮ হাজারের বেশি ফলবান পানগাছ কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণসহ পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন আয়োজকেরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখাসহ কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পানগাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং আদিবাসী পানচাষিদের জীবন-জীবিকা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
মানববন্ধন শেষে একটি প্রতিবাদী মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে পাঁচ দফা দাবিসংবলিত স্মারকলিপি দেওয়া হয়।
বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফ্লোরা বাবলি তালাংয়ের সভাপতিত্বে এবং মানবাধিকারকর্মী হেলেনা তালাংয়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেটের সদস্যসচিব আব্দুল করিম কিম, ভয়েস অব রিভার মনুর প্রধান নির্বাহী আসম ছালেহ সুহেল, বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস ও সদস্যসচিব অ্যাডভোকেট আবুল হাসান।
এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি নারায়ণ কুর্মী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ কন্দ, মুন্ডা সমাজ কল্যাণ পরিষদ বৃহত্তর সিলেটের সাধারণ সম্পাদক লক্ষণ মুন্ডা, লাউয়াছড়া পুঞ্জির মন্ত্রী ফিলা পতমী, খাসি স্টুডেন্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক লান্ছার তংপের, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী ও সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মৌলভীবাজার জেলার ইনচার্জ উজ্জ্বল রায় এবং ফাদার যোসেফ গমেজসহ স্থানীয় আদিবাসী নেতারা।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে নার্সারী খাসিয়া পুঞ্জির পানের জুমে ঢুকে দুর্বৃত্তরা ১০টি খাসিয়া ও গারো পরিবারের ৮ হাজারের বেশি ফলবান পানগাছ কেটে ফেলে বলে অভিযোগ রয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
এ ঘটনার পর পুঞ্জিতে বসবাসরত খাসিয়া ও গারো পরিবারগুলোর জীবিকা চরম হুমকির মুখে পড়েছে। পাশাপাশি স্থানীয় আদিবাসী পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।





