জামালপুরে কিশোরী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
প্রকাশিত হয়েছে : 25 October 2026, 4:55 pm

ছবি: পূর্বদিক
জামালপুর প্রতিনিধি: জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১’র বিচারক মোহাম্মদ আবদুর রহিম এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামী জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মণ্ডলপাড়া মসজিদভিত্তিক মক্তবের শিক্ষক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. ফজলুল হক জানান, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা মুছা মিয়া মক্তব পরিচালনা করা অবস্থায় ২০২০ সালের ২৮ নভেম্বর স্থানীয় কিশোরীকে (১৫) ধর্ষণ করেন। পরে ধর্ষিতার মা দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলায় দীর্ঘ শুনানী ও ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণের পর আসামির উপস্থিতিতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেন।





