কুলাউড়ায় ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার
প্রকাশিত হয়েছে : 21 November 2026, 5:07 pm

ছবি: পূর্বদিক
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুড়াইছড়া সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ ১১ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানে কুলাউড়া উপজেলার মুড়াইছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪৫/এম থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নন্দীগ্রাম নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫১০ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়।
এরপর একই এলাকায় সীমান্ত পিলার ১৮৪২/৮৮-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লুতুঝুড়ি পুঞ্জি নামক স্থানে দ্বিতীয় অভিযান চালিয়ে আরও ২ হাজার ৫৪৫ প্যাকেট তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়। দুটি অভিযানে সর্বমোট ৫ হাজার ৫৫ প্যাকেট তামাকজাত দ্রব্য জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ১১ হাজার টাকা।
উদ্ধার করা তামাকজাত দ্রব্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।





