সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : 22 November 2026, 11:54 pm

ছবি: পূর্বদিক
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজিন্দা গ্রামের আক্কাস আলীর স্ত্রী হাজেরা বেগম (৬০), তাঁর দুই মেয়ে রোজিনা আক্তার (৩৫) ও তাছলিমা (৩২) এবং একই গ্রামের কবির হোসেনের মেয়ে তানহা (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, আক্কাস আলীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। স্থানীয়রা বিভিন্ন সময় তাঁদের এ ব্যবসা থেকে বিরত থাকার অনুরোধ করলেও তা অব্যাহত ছিল। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী দলবদ্ধ হয়ে তাঁদের বাড়িতে অভিযান চালান। এ সময় বাড়ি থেকে ৩৮ কেজি গাঁজাসহ পরিবারের সদস্যদের আটক করেন তাঁরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাঁজা উদ্ধার এবং চার নারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





