কমলগঞ্জে বিদেশি সিগারেটসহ আটক ২
প্রকাশিত হয়েছে : 11 January 2025, 3:54 pm
কমলগঞ্জ প্রতিনিধিঃ
কমলগঞ্জে বিদেশি সিগারেটসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে কালেঙ্গা-মুন্সীবাজার রোডে একটি প্রাইভেটকার তল্লাশি করে অবৈধ পথে আসা এ সিগারেটগুলো জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ২ লাখ ২০ হাজার টাকা।
অভিযানে আটককৃতরা হলেন, কুলাউড়া উপজেলার ঢালিয়া গ্রামের শামিম আহমেদ (২৬) এবং আমুলী গ্রামের সুমন আহমেদ (৪০)।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি অরিস ব্র্যান্ডের দুই হাজার প্যাকেটে মোট ৪০ হাজার শলাকা সিগারেট এবং টয়োটা ব্র্যান্ডের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে আটককৃত দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে।






