মাছ ধরার জালে আটকা অজগর উদ্ধার
প্রকাশিত হয়েছে : 7 October 2026, 2:59 pm

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা পড়া একটি অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ৭টার দিকে শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের রউয়া বিলে মাছ ধরার জালে রাতের কোনো একসময় অজগরটি আটকা পড়ে। পরে বিষয়টি জানতে পেরে সাইদুল হক বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা অজগরটিকে জাল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারকারীরা জানান, আরও কিছুক্ষণ জালে আটকে থাকলে সাপটি মারা যেতে পারত।
অজগরটি উদ্ধারে সার্বিক সহযোগিতা করেন রাজু মিয়া, পিতা রাজা মিয়া। তিনি নৌকা চালিয়ে উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে নিয়ে যান। এ সহযোগিতার জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
পরে উদ্ধার করা অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, কোথাও কোনো বন্যপ্রাণী বা পাখি আটকা পড়লে, আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে দ্রুত নিকটস্থ বন বিভাগে খবর দিতে হবে। পাশাপাশি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকেও বিষয়টি জানানো যেতে পারে।
পূর্বদিক/এসএ





