চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য
প্রকাশিত হয়েছে : 13 September 2026, 6:45 pm

ছবি: পূর্বদিক
মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে প্রতিদিনই ফুটবল মাঠে ঘাম ঝরাচ্ছেন মৌলভীবাজারের ভাড়াউড়া চা বাগানের একঝাঁক কিশোরী ও তরুণী ফুটবলার। সীমিত সুযোগ-সুবিধা, অর্থনৈতিক সংকট আর নানা প্রতিবন্ধকতার মধ্যেও থেমে নেই তাঁদের অনুশীলন। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ইতোমধ্যে অর্জন করেছেন একাধিক কাপ ও মেডেল। তবে স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্র্য।
ভাড়াউড়া চা বাগানের শ্রমজীবী পরিবারের এসব মেয়ের অনেকেরই নেই ফুটবল খেলার উপযোগী জুতা। কখনো খালি পায়ে, আবার কখনো স্কুলের জুতা পরেই মাঠে নামতে হয় তাঁদের। প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জামের অভাবও নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতায় অংশগ্রহণে বাধা সৃষ্টি করছে।
ভাড়াউড়া চা বাগানের ফুটবলার শ্রাবণী শীল বলেন, “আমাদের অনেকেরই ফুটবল খেলার জুতা নেই। এ কারণে অনেক সময় বিভিন্ন খেলায় অংশগ্রহণের সুযোগ থেকেও বঞ্চিত হতে হয়।”
শুধু ক্রীড়া সরঞ্জামের সংকট নয়, অর্থনৈতিক সমস্যাও তাঁদের জন্য বড় চ্যালেঞ্জ। ফুটবলের প্রতি প্রবল আগ্রহ ও প্রতিভা থাকা সত্ত্বেও পরিবারের অভাব-অনটনের কারণে অনেককে খেলাধুলার পাশাপাশি চা পাতা তোলার কাজেও যুক্ত হতে হয়। ফলে নিয়মিত অনুশীলনের সময় বের করাও তাঁদের জন্য কঠিন হয়ে পড়ে।
ফুটবলার অর্পিতা হাজরা বলেন, “বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশ নিতে ডাক পেলেও দূরের যাতায়াত খরচ জোগাড় করতে না পারায় অনেক সময় যেতে পারি না।”
অন্যদিকে অঞ্জলী কাহার বলেন, “আমরা সারা বছর একটি জার্সি দিয়েই ফুটবল খেলি। নতুন জার্সি বা প্রয়োজনীয় সরঞ্জাম কেনার সামর্থ্য নেই।”
ভাড়াউড়া চা শ্রমিক মেয়েদের ফুটবল দলে বর্তমানে ১৩ জন সদস্য রয়েছেন। প্রায় সবাই একই ধরনের আর্থিক ও অবকাঠামোগত সমস্যার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন। তবুও তাঁদের চোখে বড় স্বপ্ন। প্রতিকূলতাকে জয় করে একদিন জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে চান তাঁরা।
তাঁদের প্রত্যাশা, যথাযথ প্রশিক্ষণ, ক্রীড়া সরঞ্জাম, আর্থিক সহায়তা ও নিয়মিত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেলে চা-বাগানের এই মেয়েরাও জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারবেন।
দারিদ্র্য তাঁদের পথ আটকে দিলেও স্বপ্ন থামাতে পারেনি। প্রতিদিন মাঠে অনুশীলনের মধ্য দিয়ে জাতীয় দলের জার্সির স্বপ্নকে আরও শক্ত করে আঁকড়ে ধরে এগিয়ে চলেছেন ভাড়াউড়া চা বাগানের এই কিশোরী ও তরুণী ফুটবলাররা।
পূর্বদিক/এসএ





