সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার উদ্যোগ
প্রকাশিত হয়েছে : 13 September 2026, 6:48 pm

ছবি: পূর্বদিক
জামালপুর প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বর্তমান বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে এবং নীতিগতভাবে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমি সাংবাদিকদের অভিভাবক নই, আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মফস্বল, উপজেলা এমনকি জেলা পর্যায়ের যেসব সাংবাদিক আর্থিক সহযোগিতা চান, আমরা তাঁদের সহযোগিতা দিয়ে থাকি।’
তিনি বলেন, ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বর্তমানে যে ৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে, তা বাড়িয়ে ২৫ কোটি টাকা করার জন্য আমি ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। নীতিগতভাবে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে চলতি বছর পুরো অর্থ দেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে পর্যালোচনা চলছে। এ বছর পুরো অর্থ বরাদ্দ না হলেও আগামী বছর তা পুরোপুরি বাস্তবায়ন হবে বলে আমি বিশ্বাস করি।’
সারের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশে সারের কোনো সংকট নেই। কেউ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, ‘এই অঞ্চলের প্রায় ৮০ শতাংশ জমিতে সারের প্রয়োজন রয়েছে। বর্তমানে যারা সারের ডিলার হিসেবে দায়িত্ব পালন করছেন, তাঁদের অনেকেই ভিন্ন মতের একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। তারপরও আমরা তাঁদের সঙ্গে বসেছি এবং সার সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে কাজ করছি।’
জামালপুরের জেলা প্রশাসক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
সভায় জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এবং জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বক্তব্য দেন।
পূর্বদিক/এসএ





