সাভারে ইয়াবা-হেরোইনসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : 24 September 2026, 11:06 pm

ছবি: পূর্বদিক
সাভার প্রতিনিধি: সাভার ও আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত সাভার মডেল ও আশুলিয়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।
ডিবি জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ঢাকা জেলা উত্তর ডিবির ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বুধবার বিকেলে সাভার মডেল থানার ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোস্তাক (৪৮) নামে একজনকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্যাংক কলোনি এলাকায় পৃথক অভিযানে মনির হোসেন মনা (৩২) ও আরেফিন (৩৫) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে রাত সাড়ে ৯টার দিকে সাভার মডেল থানার পাকিজা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পুরিয়া হেরোইনসহ সাজ্জাত হোসেন ওরফে সজল (২৮)কে গ্রেপ্তার করা হয়।
একই সময়ে আশুলিয়া থানার আরাগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে আলমগীর হোসেন (৩৯) ও তুষার আহমেদ (৩২)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মোস্তাকের বিরুদ্ধে একটি মাদক মামলা, মনির হোসেন মনার বিরুদ্ধে ছয়টি মাদক মামলা, সাজ্জাত হোসেন ওরফে সজলের বিরুদ্ধে একটি মাদক মামলাসহ আরও দুটি মামলা এবং আলমগীর হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলাসহ আরও একটি মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর ডিবির ওসি সাইদুল ইসলাম বলেন, পৃথক অভিযানে গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পূর্বদিক/এসএ






