শ্রীমঙ্গলে গারো পল্লীর নারী ফুটবল দলের পাশে ইউএনও, পেল ক্রীড়াসামগ্রী
প্রকাশিত হয়েছে : 17 November 2026, 5:35 pm

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: শহর থেকে ২৫ কিলোমিটার সীমান্তবর্তী দুর্গম এলাকায় খেলাধুলার প্রতি প্রবল আগ্রহ থাকলেও মাঠ ও প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রীর অভাবে নিয়মিত অনুশীলন ও খেলার সুযোগ পাচ্ছিল না মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগানের আলুবাড়ি গারো পল্লীর নারী ফুটবল দলের। তাদের এই সীমাবদ্ধতার কথা জানতে পেরে পাশে দাঁড়িয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।
এরই ধারাবাহিকতায় র্যানার স্কুল অ্যান্ড কলেজ মাঠে নারী ফুটবল দলের সদস্যদের নিয়ে আয়োজন করা হয় এক প্রীতি ফুটবল ম্যাচ। খেলা শেষে খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী।
এ সময় ইউএনও মো. জিয়াউর রহমান বলেন, তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই তাদের জন্য একটি খেলার মাঠের ব্যবস্থা করা হবে। খেলাধুলা তরুণীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করবে।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, ফিনলে টি কোম্পানির রাজঘাট ডিভিশনের ডিজিএম, সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজনটি স্থানীয় নারী ফুটবলারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। নিয়মিত খেলার সুযোগ ও উপযুক্ত মাঠ পেলে দলটি ভবিষ্যতে আরও ভালো করবে বলে আশা সংশ্লিষ্টদের।





