নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে পবিপ্রবিতে সমাবেশ
প্রকাশিত হয়েছে : 17 November 2026, 5:37 pm

ছবি: পূর্বদিক
পটুয়াখালী প্রতিনিধি: দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, বিএম অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ জামাল হোসেন, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. একেএম মোস্তফা আনোয়ার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মো. মাহফুজুর রহমান সবুজ, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ, কর্মচারী মো. কালাম শরীফ ও মো. মাহবুবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, সারাদেশে যেভাবে পরিকল্পিত নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাস চালানো হচ্ছে, তা কোনোভাবেই সভ্য ও গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে কখনোই দেশের মঙ্গল করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও অগ্নিসন্ত্রাসের মতো বর্বরতা চলতে থাকলে শিক্ষাব্যবস্থা, অর্থনীতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা হুমকির মুখে পড়বে। যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এবং দেশের অগ্রযাত্রাকে স্তব্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।






