১৫ বছর পর মধ্যপাড়া পুকুরে পরিচ্ছন্নতা অভিযান, পানিতে নামলেন এমপি রনি
প্রকাশিত হয়েছে : 25 September 2026, 11:26 pm

ছবি: পূর্বদিক
গাজীপুর প্রতিনিধি: দীর্ঘ ১৫ বছর পর গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবীথি এলাকার সরকারি মহিলা কলেজসংলগ্ন মধ্যপাড়া পুকুরে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। ডেঙ্গু ও এডিস মশার প্রজনন রোধ, জলাধার সংরক্ষণ এবং নগরীর পরিবেশ উন্নয়নের লক্ষ্যে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনির উদ্যোগে এবং বিডি ক্লিনের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে এমপি রনি নিজেই পুকুরে নেমে লোহার আঁকড়া দিয়ে ময়লা-আবর্জনা ও আগাছা অপসারণে অংশ নেন। একই সঙ্গে ভেকু দিয়ে পুকুর থেকে কচুরিপানা, বর্জ্য ও জমে থাকা ময়লা অপসারণ করা হয়।
বিডি ক্লিনের সদস্যদের পাশাপাশি বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির জ্যেষ্ঠ নেতা মীর হালিমুজ্জামান রনি, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট শহিদউজ্জামান, আহমদ আলী রুশদি, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, সাবেক সভাপতি ও সাবেক প্যানেল মেয়র হাসান আজমল ভূইয়া, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, বিএনপি নেতা খায়রুল বিএসসি ও জহিরুল ইসলাম জিটুসহ অনেকে।
এ ছাড়া মহানগর কৃষক দলের সদস্যসচিব খান জাহিদুল ইসলাম নিপু, মহানগর যুবদলের সদস্যসচিব মাহমুদ হাসান রাজু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন, সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল এবং মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে এমপি রনি বলেন, দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় পুকুরটির বড় একটি অংশ ময়লা-আবর্জনা, কচুরিপানা ও আগাছায় ভরে গেছে। এতে পুকুরটির নাব্যতা কমার পাশাপাশি পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। একসময় স্থানীয় মানুষ গোসলসহ দৈনন্দিন বিভিন্ন কাজে পুকুরটির পানি ব্যবহার করলেও বর্তমানে এটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
তিনি বলেন, পুকুরটি পরিষ্কারের মাধ্যমে এর ব্যবহারযোগ্যতা ফিরিয়ে আনা এবং আশপাশের পরিবেশের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ডেঙ্গু ও এডিস মশার প্রজনন রোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে এমপি রনি বলেন, পুকুরটি পরিষ্কার রাখার দায়িত্ব শুধু প্রশাসন বা কোনো সংগঠনের নয়, স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্ব রয়েছে। পুকুরে ময়লা-আবর্জনা না ফেলে নিজেদের আঙিনার মতো জলাধারটি পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
রনি আরও বলেন, শহরের অন্যান্য পরিত্যক্ত ও জরাজীর্ণ পুকুরও পর্যায়ক্রমে পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হবে এবং এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
এ সময় তিনি গত ১৭ বছরে এলাকাগুলো অবহেলিত ছিল বলে মন্তব্য করে বলেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ ও মানুষের উন্নয়নে কাজ করার কথা জানান তিনি। পাশাপাশি নৈরাজ্য ও উন্নয়নবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করতে দলীয় নেতাকর্মীরা মাঠে রয়েছে বলেও মন্তব্য করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পুকুরের ময়লা-আবর্জনা ও কচুরিপানা অপসারণের পাশাপাশি স্থানীয়দের মধ্যে পরিচ্ছন্নতা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা তৈরিও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। পুকুর পরিষ্কারের পর এর পরিচ্ছন্নতা ধরে রাখতে স্থানীয়দের সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পূর্বদিক/এসএ





