গাজীপুরে সন্ত্রাস-নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের ঘোষণা বিএনপির
প্রকাশিত হয়েছে : 26 September 2026, 7:21 pm

ছবি: পূর্বদিক
গাজীপুর প্রতিনিধি: সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহতের ঘোষণা দিয়েছে গাজীপুর জেলা বিএনপি। জনজীবনে আতঙ্ক সৃষ্টি, শান্তি-শৃঙ্খলা বিনষ্ট ও দেশের স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির নেতারা। একই সঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় গাজীপুর শহরের রাজবাড়ী রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতারা এসব কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। এ জন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। জনগণের শান্তি ও স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং সদস্যসচিব ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, জেলা বিএনপি নেতা আজিজুর রহমান পেরা, আব্দুল মোতালিব, হুমায়ুন কবির মাস্টার, আবু তাহের মুসল্লি, আক্তারুল আলম মাস্টার, সাখাওয়াত হোসেন সেলিম, সাখাওয়াত হোসেন সবুজ ও আনোয়ার হোসেন।
এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান মুন্না, জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে কোনো রাজনৈতিক বা অন্য উদ্দেশ্য হাসিলের চেষ্টা প্রতিহত করতে হবে। জননিরাপত্তা বিঘ্নিত হয় কিংবা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা, বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টি না করে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ওপর গুরুত্ব দেন তারা।
তারা আরও বলেন, কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলায় না জড়িয়ে সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। দেশের স্থিতিশীলতা ও জননিরাপত্তা রক্ষায় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
সমাবেশে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল ও কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে গাজীপুরের বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে রাজবাড়ী রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন। সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজবাড়ী রোডসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পূর্বদিক/এসএ





