কেসিসির উপকারভোগীদের মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুডকার্ট বিতরণ
প্রকাশিত হয়েছে : 6 October 2026, 11:50 pm

ছবি: পূর্বদিক
খুলনা প্রতিনিধি: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) তত্ত্বাবধানে পরিচালিত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় নগরীর দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্পিউটার সেট, সেলাই মেশিন ও ফুডকার্ট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে নগরীর ৭ নম্বর ঘাট এলাকার সেলফি পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পভুক্ত সদস্যদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সামগ্রী তুলে দেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস। বিশেষ অতিথি ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে স্টিভেন রড্রিগেস বলেন, দক্ষিণাঞ্চলের বিভিন্ন উপজেলা সরেজমিন পরিদর্শনের সময় তিনি এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার নানা চ্যালেঞ্জ কাছ থেকে দেখেছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে জলাবদ্ধতা, নিরাপদ পানীয় জলের সংকট, স্যানিটেশন সমস্যা ও কর্মসংস্থানের অভাবে অনেক মানুষ মানবেতর জীবনযাপন করছেন। তবে নানা প্রতিকূলতার মধ্যেও একে অপরকে সহযোগিতা করার যে মানসিকতা তারা দেখিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি বিতরণ করা সামগ্রী যথাযথভাবে কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য উপকারভোগীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতেও ইউএনডিপি তাদের পাশে থাকবে বলে আশ্বাস দেন।
দরিদ্র পরিবারের আয় বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর কারিগরি সহায়তায় গ্লোবাল ডেভেলপমেন্ট ফান্ড (জিডিএফ) এবং চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিআইডিসিএ)-এর আর্থিক সহায়তায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মহানগরীর ১৭টি ওয়ার্ডের ১৯টি কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির (সিডিসি) সদস্যদের মধ্যে ১০ জনকে কম্পিউটার সেট, ১০ জনকে সেলাই মেশিন এবং ১০ জনকে ফুডকার্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন কেসিসির চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার, ঢাকাস্থ ইউএনডিপির সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট তানভীর মাহমুদ, ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার যোগেশ প্রাধানাং ও প্রজেক্ট অ্যানালিস্ট এস এম আবদুল্লাহ আল মাসুম। এছাড়া সিডিসি ক্লাস্টার লিডার রোকাইয়া খলিফা এবং উপকারভোগীদের পক্ষে সালেহা বেগম বক্তব্য দেন।
অনুষ্ঠানে কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
পূর্বদিক/এসএ





