চায়ের দোকানের ক্যাশ বাক্সে সবুজ ফণিমনসা সাপ
প্রকাশিত হয়েছে : 6 October 2026, 11:54 pm

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল নতুন বাজারে একটি ক্ষুদ্র চায়ের দোকানের ক্যাশ বাক্সের ভেতর থেকে সবুজ ফণিমনসা সাপ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে নতুন বাজারের বকুল পালের চায়ের দোকানের ক্যাশ বাক্সের ভেতরে একটি সাপ ঢুকে পড়ে। বিষয়টি দেখতে পেয়ে দোকান মালিক বকুল পাল বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা ক্যাশ বাক্সের ভেতর থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকারীরা সাপটিকে সবুজ ফণিমনসা বলে শনাক্ত করেন।
পরে উদ্ধার করা সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, কোথাও কোনো বন্যপ্রাণী ধরা পড়লে কিংবা আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে সেটিকে না মেরে দ্রুত নিকটস্থ বন বিভাগে খবর দিতে হবে। প্রয়োজনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকেও বিষয়টি জানাতে অনুরোধ করা হয়েছে।
পূর্বদিক/এসএ





