শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজির অভিজ্ঞতা বিনিময় সভা
প্রকাশিত হয়েছে : 21 September 2026, 4:59 pm

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও করণীয় বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল।
সভায় সনাক এবং সনাকের তত্ত্বাবধানে পরিচালিত তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও তৃণমূল পর্যায়ে গঠিত কমিউনিটিভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠন অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর শতাধিক সদস্য অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান। একই সঙ্গে শ্রীমঙ্গলের বিভিন্ন সেবাখাতের প্রতিষ্ঠানে সেবার মানোন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সনাক শ্রীমঙ্গলের সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় দুর্নীতিবিরোধী আন্দোলন এবং সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বক্তব্য দেন টিআইবির কোঅর্ডিনেটর-সিভিক এনগেজমেন্ট মো. আতিকুর রহমান।
সভায় দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও বেগবান করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন সনাকের সহসভাপতি কাজী আছমা আক্তার ও এস. এ. হামিদ, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ নেসার আহমদ, জিডিসন প্রধান সুছিয়াং, রহিমা বেগমসহ অন্যরা।
বক্তারা বলেন, বিভিন্ন কর্তৃপক্ষের কাছে নাগরিকদের চাহিদা তুলে ধরা এবং প্রয়োজনীয় চাপ সৃষ্টি করা নাগরিকদের দায়িত্ব। সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান সক্ষমতার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সেবাগ্রহীতা নাগরিকদের সোচ্চার হতে হবে। নাগরিকরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করলেই সেবাখাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব।
মুক্ত আলোচনায় সনাক সদস্যদের পাশাপাশি ইয়েস গ্রুপের পক্ষ থেকে সুমি আক্তার সাথী, সৈয়দ আরমান জামি, রাহুল বর্মন, সাজু রায় ও তোফাজ্জল ইসলাম বক্তব্য দেন। এ ছাড়া ১১টি অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) সমন্বয়ক, সহসমন্বয়ক ও প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
আলোচনা শেষে উপস্থিত সদস্যরা দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন এবং দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান।
কর্মসূচির শেষ পর্যায়ে সনাক সদস্য দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য উপস্থিত সবাইকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান। পরে সনাক, ইয়েস ও এসিজির সদস্যদের পরিবেশনায় দুর্নীতিবিরোধী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়েস সদস্য চন্দ্রিমা গোস্বামী।
পূর্বদিক/এসএ





