শ্রীমঙ্গলে ৪০ ফুট উঁচু মরা গাছ থেকে শালিক পাখি উদ্ধার
প্রকাশিত হয়েছে : 25 September 2026, 4:28 pm

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ৪০ ফুট উঁচু একটি মরা ইউক্যালিপটাস গাছে দুই দিন ধরে আটকে থাকা একটি শালিক পাখিকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ভাড়াউড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাড়াউড়া চা বাগানের একটি মরা ইউক্যালিপটাস গাছের প্রায় ৪০ ফুট ওপরে শালিক পাখিটিকে দুই দিন ধরে ঝুলে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা বিষ্ণু হাজরা রাজু। তিনি কয়েকজনের কাছে সহযোগিতা চেয়েও সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হয়।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, মরা গাছটির প্রায় ৪০ ফুট ওপরে শালিক পাখিটি ঝুলে রয়েছে।
পরে নিজের জীবনের ঝুঁকি নিয়ে পরিবেশকর্মী রিদন গৌড় মরা গাছ বেয়ে প্রায় ৪০ ফুট ওপরে উঠে পাখিটিকে উদ্ধারের চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর তিনি শালিক পাখিটিকে নিরাপদে নিচে নামিয়ে আনতে সক্ষম হন।
উদ্ধারের পর দেখা যায়, পাখিটির একটি পা ভেঙে গেছে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর শালিক পাখিটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
পূর্বদিক/এসএ





