নিখোঁজের ৭ দিন পর মাটিচাপা নারীর মরদেহ উদ্ধার, স্বামী আট
প্রকাশিত হয়েছে : 25 September 2026, 11:27 pm

ছবি: পূর্বদিক
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় নিখোঁজের সাত দিন পর নাজু আক্তার (৩৪) নামে এক নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী নুরুল আমীন (৪০)কে আটক করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া গ্রামে বাড়ির পাশের একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর নাজু আক্তার নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর ভাই শুভ ২২ সেপ্টেম্বর নেত্রকোনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে জিডির সূত্র ধরে নিখোঁজের বিষয়টি তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তের একপর্যায়ে নাজু আক্তারের স্বামী নুরুল আমীনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নাজু আক্তারকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের মাঠে দেখানো স্থান থেকে মাটি খুঁড়ে নাজু আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, হত্যাকাণ্ডের কয়েক দিন আগে নাজু আক্তার ও নুরুল আমীনের বিবাহবিচ্ছেদ হয়। বিবাহবিচ্ছেদের জেরে ক্ষোভ থেকে তাঁকে হত্যা করা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে নুরুল আমীন জানিয়েছেন। নাজু আক্তার ছিলেন নুরুল আমীনের দ্বিতীয় স্ত্রী।
উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বদিক/এসএ





