ক্ষয়ক্ষতি প্রায় ৮ লাখ টাকা
পূর্ব রূপসায় ভয়াবহ আগুন, পুড়ল ৮ ব্যবসাপ্রতিষ্ঠান
প্রকাশিত হয়েছে : 6 October 2026, 11:52 pm

ছবি: পূর্বদিক
খুলনা প্রতিনিধি: খুলনার পূর্ব রূপসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার খবর দেওয়ার পরও ফায়ার সার্ভিসের কর্মীরা দেরিতে ঘটনাস্থলে পৌঁছেছেন বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা।
সোমবার দিনগত রাত ১২টা ২০ মিনিটের দিকে পূর্ব রূপসার স্থানীয় রুপালি সি ফুডস লিমিটেডের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোবাইল সার্ভিসিং ও বিকাশের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা দেখে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের টুটপাড়া স্টেশনের একটি অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খুলনা বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাসুদ সরদার জানান, অগ্নিকাণ্ডে আটজন ব্যবসায়ীর আটটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর দেওয়ার পরও ফায়ার সার্ভিস সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা। তাদের দাবি, আগুন লাগার খবর দেওয়ার প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায়। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন।
পূর্বদিক/এসএ





