সাতকানিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর, শটগান ছিনতাই: গ্রেপ্তার ৩
প্রকাশিত হয়েছে : 2 November 2026, 5:14 pm

ছবি: পূর্বদিক
সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের টহল গাড়ি ভাঙচুর ও কর্তব্যরত পুলিশের শটগান ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১ নভেম্বর দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার পূর্ব নলুয়া এলাকার রুস্তম পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জহির আমিনের নেতৃত্বে এসআই মামুন সহ পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব নলুয়া রুস্তম পাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন মাফি (১৯) ও মো. রিফাত (১৬) এবং একই এলাকার মৃত ফররুখ আহমদের ছেলে মামুনুর রশিদ (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে সাতকানিয়া থানা পুলিশের টহল গাড়ি ভাঙচুর এবং কর্তব্যরত এক কনস্টেবলের শটগান ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে জড়িতদের শনাক্ত করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, পুলিশের টহল গাড়ি ভাঙচুর ও শটগান ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





