গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেল ৫০০ শিক্ষার্থী
প্রকাশিত হয়েছে : 2 November 2026, 5:07 pm

ছবি: পূর্বদিক
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ইমাম আবু হানিফা ফাউন্ডেশনের উদ্যোগে এবং জামেয়া ইসলামিয়া মৌলভীবাজারের প্রিন্সিপাল মাওলানা আব্দুল হকের তত্ত্বাবধানে এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আয়োজিত এ চিকিৎসাসেবা কার্যক্রমে বিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় চশমা প্রদান করা হয়।

চক্ষু শিবির পরিদর্শন করেন মৌলভীবাজারের সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম চৌধুরী, ইমাম আবু হানিফা ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আশরাফ মিয়া, ইংল্যান্ডপ্রবাসী নুরুল হক চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, শেখ আব্দুল হাই ও সাংবাদিক রিপন আহমেদ।
চক্ষু শিবিরটি পরিচালনা করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল। হাসপাতালের মেডিকেল টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন চিকিৎসক শেখর, অনু পাল, বদরুল ইসলাম চৌধুরী, মো. আলম ও সুদির।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের চোখের স্বাস্থ্য সুরক্ষা এবং দৃষ্টিজনিত সমস্যা শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





