করিমগঞ্জে উরদিঘী হাওরে যাতায়াতের সড়ক বেহাল, দুর্ভোগে হাজারো কৃষক
প্রকাশিত হয়েছে : 20 November 2026, 10:09 pm

ছবি: পূর্বদিক
পূর্বদিক ডেস্ক: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের উরদিঘী হাওরে যাতায়াতের সড়কগুলোর বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন প্রায় এক হাজার কৃষক। দীর্ঘদিন ধরে সড়কগুলোর সংস্কার না হওয়ায় হাওরে যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনে ভোগান্তি বাড়ছে।
বিশেষ করে উরদিঘী গ্রামের মূল সড়ক থেকে ইন্দা রোড হয়ে নলী বিলে যাওয়ার সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা ও নিচু হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব সড়ক পানিতে তলিয়ে যায়। ফলে হাওরে যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি জমি থেকে ফসল আনা-নেওয়ায় চরম সমস্যায় পড়তে হয় কৃষকদের। অনেক সময় চলাচলের পথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনারও শিকার হতে হয় তাঁদের।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উরদিঘী হাওরের এসব সড়ক দিয়ে প্রতিদিন বহু কৃষক তাঁদের কৃষিজমিতে যাতায়াত করেন। সড়কগুলোর বেহাল অবস্থার কারণে কৃষিকাজের বিভিন্ন পর্যায়ে তাঁদের বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে।
কৃষকদের আশঙ্কা, আসন্ন বোরো মৌসুমে ধান কাটার আগে সড়কগুলো সংস্কার করা না হলে জমি থেকে ধান বাড়িতে আনা কঠিন হয়ে পড়বে। এতে ফসল পরিবহনে বাড়তি খরচের পাশাপাশি সময়মতো ধান ঘরে তোলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে।
এ অবস্থায় কৃষিকাজের সুবিধা, ফসল পরিবহনে ভোগান্তি কমানো এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে উরদিঘী হাওরে যাওয়ার সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।





