শ্রীমঙ্গলে পুকুরে ডুবে ভারসাম্যহীন রিকশাচালকের মৃ’ত্যু
প্রকাশিত হয়েছে : ৯ মে ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ

এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি।
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ হোসেন (৫৪) নামে এক মানসিক ভারসাম্যহীন রিকশাচালকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা-বাগানের রামপাড়া এলাকায় অজয় হাজারার বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে পুকুরে এক ব্যক্তির পা ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
নিহত মোহাম্মদ হোসেন কুমিল্লার লাকসাম থানার আলোকদিয়া ইউনিয়নের খোজারকলা গ্রামের মৃত শরবত আলীর ছেলে।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ছোটবেলা থেকেই তিনি সিলেট অঞ্চলে বসবাস করতেন এবং শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় “হাসিম পাগলা” নামে পরিচিত ছিলেন। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। এছাড়া দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় চলাফেরা করতেন বলেও জানান তিনি।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বদিক/এসএ





