বড়লেখায় উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেফতার
প্রকাশিত হয়েছে : 15 May 2026, 3:36 pm

ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ গোপন অভিযানে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন “মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ”-এর সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মো. রাহেদ হোসেন মাহেদ (২৩)-কে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার পরিকল্পনার বিষয়ে গত ২৩ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গোয়েন্দা সতর্কতা জারি করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য এবং চাকরিচ্যুত সেনা সদস্য রাহেদ হোসেন মাহেদ বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।
গ্রেফতারকৃত রাহেদ হোসেন মাহেদ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর এলাকার বাসিন্দা। তার পিতার নাম নূর মিয়া এবং মাতার নাম মোছাঃ সাফিয়া খানম।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং পূর্বঘোষিত রেড এলার্ট কার্যক্রমের অংশ হিসেবে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের নির্দেশনায় বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খানের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল বড়লেখা থানার দুর্গম বোবারথল ষাইটঘরি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
দীর্ঘ প্রায় ১২ ঘণ্টাব্যাপী সতর্কতামূলক অভিযানের একপর্যায়ে বৃহস্পতিবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে বোবারথল ষাইটঘরি এলাকার একটি উঁচু টিলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে যাচাই-বাছাই করে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত ব্যক্তি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তদন্তাধীন ডিএমপির শাহবাগ থানার একটি মামলার আসামি। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৮/৯/১০/১৩ ধারায় দায়ের করা হয়েছে।
সিটিটিসি ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে একই দিন রাত সাড়ে ১১টার দিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি উগ্রবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এছাড়া রেড এলার্ট জারির পর থেকেই সে আত্মগোপনে ছিল এবং সম্প্রতি অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলেও জানা গেছে।
পূর্বদিক/এসএ






