গোপালগঞ্জ শহরে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগ
প্রকাশিত হয়েছে : 15 November 2026, 11:54 pm

ছবি: পূর্বদিক
গোপালগঞ্জ প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিল, স্লোগান, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ জেলা শহর। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে নেতা-কর্মীদের অবস্থান ও মিছিল ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টা থেকে জেলা সদর ও আশপাশের বিভিন্ন এলাকা এবং ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে শত শত নেতা-কর্মী শহরে প্রবেশ করতে থাকেন। পরে শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন তাঁরা।
দুপুর ১২টার দিকে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রম করে শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে তাঁরা শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন। মিছিল থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় অনেক নেতা-কর্মীর হাতে লগি-বৈঠা দেখা যায়। মিছিলে উল্লেখযোগ্যসংখ্যক নারী কর্মীও অংশ নেন।
মিছিল চলাকালে শহরের এফএনএফ নামের একটি সুপারশপের কাচ ভাঙচুর করা হয়। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতা-কর্মীরা। দুপুর ১টা পর্যন্ত তাঁদের শহরের বিভিন্ন স্থানে অবস্থান করতে দেখা যায়।
এদিকে, গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদী চত্বর’-এর নাম পরিবর্তন করে ‘জয় বাংলা চত্বর’ করা হয়।
এ কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে লঞ্চঘাট, বাজার এলাকা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি, এপিবিএনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারিও।
সব মিলিয়ে দিনভর উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করে শহরজুড়ে। মিছিলের কারণে অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যান চলাচল ব্যাহত হয়। বেলা দেড়টার দিকে মিছিলকারীরা শহর ছেড়ে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এরপর কিছু দোকানপাট খুলতে থাকে এবং রিকশা-ভ্যান চলাচলও শুরু হয়।





