চার দফা সমঝোতায় কাটল অচলাবস্থা, কাল খুলছে খেজুরীছড়া চা বাগান
প্রকাশিত হয়েছে : 13 November 2026, 11:24 pm

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে টি কোম্পানির মালিকানাধীন খেজুরীছড়া চা বাগান ও কারখানা পুনরায় চালুর সিদ্ধান্ত হয়েছে। বাগানে সৃষ্ট অচলাবস্থা ও শ্রমিক অসন্তোষ নিরসনে প্রশাসন, বাগান কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে চার দফা সমঝোতা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল থেকে বাগান ও কারখানার কার্যক্রম চালু হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) শ্রীমঙ্গল উপজেলা পরিষদে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা প্রশাসনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খেজুরীছড়া চা বাগানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে পূজা উদ্যাপন করা হবে। এ লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি কমিটি গঠন করা হবে। কমিটি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে পূজা উদ্যাপনসংক্রান্ত বিষয়গুলোর স্থায়ী সমাধানে কাজ করবে।
সমঝোতার দ্বিতীয় সিদ্ধান্ত অনুযায়ী, বাগানের মন্দির সংস্কার ও উন্নয়নে সরকারি বরাদ্দের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বাগানের ডিজিএমকে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে কিংবা ভুল-বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, এমন বক্তব্য ও কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনা অমান্য করে কোনো ঘটনা ঘটলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাঁকে অপসারণ বা বদলিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ফিনলে কর্তৃপক্ষ।
এ ছাড়া সমঝোতার ভিত্তিতে গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে কোনো পক্ষ বাধা সৃষ্টি করতে পারবে না। ভবিষ্যতেও কোনো পক্ষের কর্মকাণ্ডের কারণে সমঝোতা প্রক্রিয়া যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে ফিনলে টি কোম্পানির ডিনস্টন ডিভিশনের ডিজিএম মো. হুমায়ুন কবির মজুমদার বলেন, “চা শ্রমিকদের সঙ্গে একটি ভুল-বোঝাবুঝির কারণে এ ঘটনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে উভয় পক্ষই বুঝতে পেরেছে যে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না। শ্রমিকদের কোনো সমস্যা হলে তাঁরা আমাদের কাছে আসবেন, আর আমাদের কোনো সমস্যা হলে আমরা তাঁদের কাছে যাব। পূজাকে কেন্দ্র করে কোনো সমস্যা হয়েছে বলে যে বিষয়টি বলা হচ্ছে, সেটিও আসলে একটি ভুল-বোঝাবুঝি ছিল। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে জন্য উভয় পক্ষকেই সতর্ক থাকতে হবে। এটাই একটি সুন্দর সমাধান। আগামীকাল থেকে বাগান খুলে দেওয়া হবে।”
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন প্রমুখ।
এ ছাড়া বাগান কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন ফিনলে হাউজের ইঞ্জিনিয়ারিং বিভাগের মহাব্যবস্থাপক কে কে সাদেক এবং ফিনলে টি কোম্পানির ডিনস্টন ডিভিশনের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. হুমায়ুন কবির মজুমদার। চা শ্রমিকদের পক্ষে কৃপেশ বেনার্জী, পরিমল তাঁতী ও ডালিম বোনার্জীসহ স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফিনলে টি কোম্পানির ডিনস্টন ডিভিশনের অধীন খেজুরীছড়া চা বাগান ও কারখানা সম্প্রতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এতে বাগানের শ্রমিকদের মধ্যে কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এ পরিস্থিতিতে অচলাবস্থা নিরসন এবং বাগানের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে প্রশাসন, বাগান কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।





