বাহুবলে নীতিমালা লঙ্ঘন করে করাতকল, হুমকির মুখে বনাঞ্চল
প্রকাশিত হয়েছে : 16 November 2026, 8:38 pm

ছবি: পূর্বদিক
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে সরকারি নীতিমালা লঙ্ঘন করে যত্রতত্র গড়ে উঠেছে করাতকল। এতে হুমকির মুখে পড়েছে বন ও পরিবেশ। অভিযোগ উঠেছে, শ্রেণির প্রভাবশালী ব্যক্তি নিয়ম নীতির তোয়াক্কা না করে বনাঞ্চলের আশপাশে স্থাপন করেছেন অধিকাংশ করাতকল।
এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের অভিযানেও তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এতে বেপরোয়াভাবে সরকারি বনাঞ্চল সহ গ্রামীণ জনপদের বৃক্ষগুলো সাবাড় হচ্ছে এসব করাতকলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নিয়মনীতি অনুসরণ না করে স্থাপন করায় অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ জানান, সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ করাতকলের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ করাতকলগুলোর বিভিন্ন যন্ত্রাংশ জব্দ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিনি জানান, এধরণের অভিযান অব্যাহত থাকবে।





