বেনাপোল বন্দরে ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক আটক
প্রকাশিত হয়েছে : 12 November 2026, 11:19 pm
যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে ট্যালকম পাউডারের ঘোষণা দিয়ে অন্য রাসায়নিক পণ্য আমদানি এবং শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন পণ্যবোঝাই একটি ট্রাক আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্যবোঝাই ট্রাকটি বের করে নেওয়ার সময় অভিযান চালিয়ে সেটি আটক করা হয়।
ট্যালকম পাউডারের ঘোষণা দিয়ে অন্য রাসায়নিক পণ্য আমদানির সন্দেহ, শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ
আটক চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান অনিন্দিতা ইন্টারন্যাশনাল। এ ঘটনায় সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে পণ্যটি বন্দর থেকে বের করে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন জানান, আমদানি-সংক্রান্ত কাগজপত্রে পণ্যটির ঘোষণা দেওয়া হয়েছে ট্যালকম পাউডার। কিন্তু চালানটি বন্দরে প্রবেশের পর কোনো ধরনের এন্ট্রি ও রাজস্ব পরিশোধ ছাড়াই গোপনে বাংলাদেশি ট্রাকে পণ্য খালাস করে বের করে নেওয়ার চেষ্টা চলছিল।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমস কর্মকর্তারা অভিযান চালান। এ সময় আমদানি-সংক্রান্ত কাগজপত্র যাচাই করে ঘোষিত পণ্যের সঙ্গে প্রকৃত পণ্যের পরিচয়ে অসংগতি থাকার সন্দেহে চালানটি আটক করা হয়। কাস্টমস কর্মকর্তাদের ধারণা, ট্যালকম পাউডারের আড়ালে অন্য কোনো মূল্যবান রাসায়নিক পণ্য আমদানি করে শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়ে থাকতে পারে। তবে পণ্যটির প্রকৃত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, আটক পণ্যবোঝাই ট্রাকটি বর্তমানে বন্দরের নিরাপত্তা হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, বন্দরে এ ধরনের শুল্ক ফাঁকির অপচেষ্টা সরকারি রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব ফেলছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।





