শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক
প্রকাশিত হয়েছে : 23 November 2026, 11:42 pm
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে মিলান বর্মন (৫০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাকে সহায়তাকারী দুই বাংলাদেশি নাগরিক পালিয়ে যান।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে শ্রীমঙ্গল উপজেলার ৭ নম্বর রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা বাগানের মোঘলাবস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, নায়েক মো. দুলাল মিয়া সঙ্গীয় সদস্যদের নিয়ে সীমান্ত পিলার ১৯৩৮/১৮-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় দুই বাংলাদেশি নাগরিকের সহায়তায় এক ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করতে দেখেন বিজিবি সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা ভারতীয় নাগরিক মিলান বর্মনকে আটক করতে সক্ষম হলেও তার দুই সহযোগী পালিয়ে যান।
আটক মিলান বর্মনের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ার থানার সম্বলপুর গ্রামে। তার বাবার নাম যতিন্দ্র বর্মন। বিজিবির জিজ্ঞাসাবাদে তিনি জানান, প্রায় এক বছর আগে সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর থেকে দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশে অবস্থান করছিলেন। সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের সহায়তায় পুনরায় অবৈধভাবে ভারতে ফেরার চেষ্টা করছিলেন।
বিজিবি জানায়, আটক ব্যক্তির কাছে কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা পাওয়া যায়নি। তবে তার নিজ নামীয় ভারতীয় আধার কার্ডের একটি ফটোকপি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আটক মিলান বর্মন ও পলাতক দুই সহযোগীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজিবির পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় এজাহার দায়ের করা হয়। পরে ২৩ নভেম্বর ২০২৬ তারিখে শ্রীমঙ্গল থানায় এফআইআর নম্বর ২১-এর মাধ্যমে The Control of Entry Act, 1952-এর ৪ ধারা এবং The Bangladesh Passport Order, 1973-এর ১১(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।





