খাসিয়াদের বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব ‘সেং কুটস্নেম’ উদযাপন
প্রকাশিত হয়েছে : 23 November 2026, 11:45 pm

ছবি: পূর্বদিক
নিজস্ব প্রতিবেদক: ফুটবল মাঠের মাঝখানে বাঁশের খুঁটি। খুঁটির চারদিকে বাঁধা দড়িতে শোভা পাচ্ছে বিভিন্ন রঙের কাগজের পতাকা। মাঠের এক পাশে বেতপাতার ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে নান্দনিক মঞ্চ। অন্য পাশে পিচ্ছিল তৈলাক্ত বাঁশের খুঁটির চূড়ায় রাখা হয়েছে একটি মোবাইল ফোন। সেই ফোন জিততে নিচ থেকে বাঁশ বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছেন প্রতিযোগীরা। কয়েক দফা চেষ্টার পর একজন সফলভাবে ওপরে উঠে জিতে নেন পুরস্কারটি।
মঞ্চের সামনে একদল তরুণ তীর-ধনুক দিয়ে লক্ষ্যভেদে ব্যস্ত। কেউ আবার গুলতি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করার চেষ্টা করছেন। অন্যদিকে নারীদের মধ্যে চলছে পান গোছানোর প্রতিযোগিতা। কে কত কম সময়ে পান গোছাতে পারেন, তা নিয়ে প্রতিযোগীদের মধ্যে দেখা যায় বাড়তি উৎসাহ।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মাঠে খাসি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব ‘সেং কুটস্নেম’ উপলক্ষে এমনই বর্ণিল আয়োজন দেখা যায়। খাসি সোশ্যাল কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এ উৎসবের মধ্য দিয়ে বিদায় জানানো হয় খাসি সম্প্রদায়ের ১২৭তম বর্ষকে বিদায় এবং বরণ করা হয় ১২৮তম নতুন বছরকে।
ব্রিটিশ শাসনামল থেকে প্রতিবছর ২৩ নভেম্বর খাসি সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যবাহী এ বর্ষবিদায় উৎসব পালন করে আসছেন। দিনটি তাদের কাছে আনন্দ, সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক বিশেষ উপলক্ষ। এদিন নিজেদের ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জায় সজ্জিত হয়ে নাচ-গান ও নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের স্বতন্ত্র সংস্কৃতি তুলে ধরেন তারা।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতা। তীর-ধনুক দিয়ে লক্ষ্যভেদ, গুলতি চালানো, তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠা এবং পান গোছানোর মতো প্রতিযোগিতায় অংশ নেন নারী-পুরুষ ও তরুণ-তরুণীরা। এসব আয়োজন ঘিরে উৎসবস্থলে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
দিনব্যাপী এ আয়োজনে সিলেট বিভাগের বিভিন্ন খাসিয়া পুঞ্জি থেকে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অতিথি, পর্যটক ও নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবটি পরিণত হয় মিলনমেলায়। ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও নিজস্ব খাবারের মাধ্যমে সবাই আনন্দ ভাগাভাগি করেন। একই সঙ্গে এ আয়োজন খাসিয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে সামাজিক বন্ধন ও সম্প্রীতি আরও সুদৃঢ় করে।
উৎসব উপলক্ষে মাঠজুড়ে বসে বর্ণিল মেলা। বিভিন্ন স্টলে খাসিয়াদের ঐতিহ্যবাহী পোশাক, পান, তীর-ধনুক এবং বাঁশ-বেতের তৈরি নানা সামগ্রী সাজিয়ে বসেন বিক্রেতারা। সিলেট বিভাগের প্রায় ৫০টি খাসিয়া পুঞ্জির মানুষ এ উৎসবে অংশ নেন। তাদের পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল খাসি ভাষায় প্রাথমিক স্তরের বইয়ের মোড়ক উন্মোচন। বইগুলোর মোড়ক উন্মোচন করেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের চেয়ারপারসন পিডিসন প্রধান সুচিয়াং।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জির প্রধান জিডিসন প্রধান সুচিয়াং।
ইথিয়াং ধার বলেন, “আজকে আমরা এখানে এসেছি আমাদের পুরোনো বর্ষকে বিদায় জানাতে এবং নতুন বর্ষকে বরণ করতে। আজ আমরা ১২৭তম বর্ষকে বিদায় জানাব এবং নতুন বর্ষকে বরণ করব। এখানে এসে অনেক আনন্দ হচ্ছে। অনেকের সঙ্গে দেখা হচ্ছে। এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের খাসিয়া সম্প্রদায়ের নাচ-গান হবে। নাচের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে পারব।”
হাঙ্গেরি থেকে আসা ডায়না বলেন, “খাসি সোশ্যাল কাউন্সিল আয়োজিত এই চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত। এটি অত্যন্ত সুন্দর ও চমৎকার একটি আয়োজন। এখানে সমবেত হওয়া মানুষজন স্থানীয় কমিউনিটির সুন্দর সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত ও নৃত্য উপভোগ করছেন। এটি সত্যিই অসাধারণ। এখানে উপস্থিত থাকতে পেরে আমি ভীষণ খুশি।”
মাগুরছড়া খাসিয়া পুঞ্জির প্রধান জিডিসন প্রধান সুচিয়াং বলেন, “আজ আমাদের এই মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে ১২৭তম বর্ষবিদায় অনুষ্ঠান হচ্ছে। আপনারা দেখেছেন, এতক্ষণ ধরে আমাদের সমাজপ্রধান ও ধর্মীয় প্রধানদের নিয়ে একটি দরবার ও আলোচনা হয়েছে। সেই আলোচনায় আগামী দিনগুলোতে কীভাবে এই অনুষ্ঠানকে আরও সুন্দর ও উন্নত করা যায়, আমাদের সমাজব্যবস্থার উন্নয়ন কীভাবে করা যায়, পাশাপাশি সমাজের অর্থনৈতিক উন্নয়ন ও স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।”
তিনি বলেন, “বিভিন্ন পুঞ্জি ও গ্রাম থেকে মানুষ আসছেন। প্রায় ৫০টিরও বেশি গ্রামের মানুষ এই অনুষ্ঠান উপভোগ করতে এখানে এসেছেন। এই অনুষ্ঠানে আমাদের সমাজপ্রধানদের নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আমাদের ঐতিহ্যবাহী নাচ, গান ও খেলাধুলা থাকে। এ ছাড়া আমাদের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয় এবং ছোটখাটো একটি মেলারও আয়োজন করা হয়।”
সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, “আজ খাসি সম্প্রদায়ের বর্ষবিদায় অনুষ্ঠান। আগামীকাল থেকে তাদের নতুন বছর শুরু হবে। বাংলাদেশের অন্য কোথাও এ ধরনের অনুষ্ঠান হয় না। একমাত্র এই মাগুরছড়া পুঞ্জিতেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। তাঁরা অনেক কষ্ট করে অত্যন্ত সুন্দর ও প্রাকৃতিক পরিবেশে এই আয়োজন সাজিয়ে থাকেন। আমরা চাই, আগামী দিনে এই অনুষ্ঠান আরও উন্নত ও সমৃদ্ধ হোক। আমাদের বাংলাদেশের শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে আমরা সম্প্রীতির মিলনস্থল হিসেবে অভিহিত করি। সেই সম্প্রীতির চিত্রকে আমরা আরও সুন্দরভাবে তুলে ধরতে চাই।”





