শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে বিশাল অজগর উদ্ধার, পরে বন বিভাগের কাছে হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৬, ২:০৯ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ঘরের সিলিং থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাচাউন এলাকার ছাত্রাবট গ্রামের খলিল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
খলিল মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা ভোরে ঘুম থেকে উঠে ঘরের সিলিংয়ের বাঁশের ওপর বিশাল আকৃতির অজগর সাপটি দেখতে পান। হঠাৎ সাপটি দেখে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হন এবং অনেকে সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন।
এসময় গ্রামের এক ব্যক্তি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
এসময় সাপটিকে এক নজর দেখতে ঘটনাস্থলে হাজারো উৎসুক জনতার ভিড় জমে যায়। উদ্ধার শেষে অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
পূর্বদিক/এসএ





