লাউয়াছড়ায় তেলবাহী ওয়াগনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের ভানুগাছ ও শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় তেলবাহী একটি ওয়াগনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনের ভেতরে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ট্রেনের একটি খালি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে লাইনচ্যুত হয়। ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
লাইনচ্যুত বগিটি উদ্ধারে হাইড্রোলিক টুলভ্যান আনা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। উদ্ধার কাজ শেষ হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
বিষয়টি নিশ্চিত করে শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, “লাইনচ্যুত বগি উদ্ধারে হাইড্রোলিক টুলভ্যান আনা হচ্ছে। উদ্ধার কাজ চলমান রয়েছে।”
পূর্বদিক/এসএ





